শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক প্রভাব নয়, শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: কায়সার কামাল
সমাজ বিনির্মাণে স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা স্কুল থেকে অবসর নিলেও সমাজ বিনির্মাণে তাদের মেধা, অভিজ্ঞতা ও মননশীলতা থেকে অবসর নেননি। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে অবসরপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৩ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর জেলা অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি, দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, সমাজ বিনির্মাণে স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা হয়তো স্কুল থেকে অবসর নিয়েছেন, কিন্তু সমাজ বিনির্মাণে আপনাদের মেধা ও মননশীলতা থেকে অবসর নেননি। আপনারা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি করার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিন শিক্ষকতা করার কারণে তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষার্থীদের মানসিকতা এবং শিক্ষা ব্যবস্থার বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগালে শিক্ষাপ্রতিষ্ঠান আরও সুন্দরভাবে পরিচালিত হবে।
তিনি বলেন, গত ১৫-২০ বছরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রভাব দেখা গেছে। পরিচালনা কমিটির হাতে থাকা ক্ষমতা অনেক সময় রাজনৈতিকভাবে অপব্যবহারের সুযোগ তৈরি করেছে। এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
রাজনীতি করার জন্য রাজনৈতিক জায়গা রয়েছে। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক সংগঠন রয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনায় রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক নেতাকর্মীদের রাখার প্রথা সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না, বলেন তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, একজন শিক্ষার্থী স্কুলে ভর্তি হওয়ার সময় তার বাবা কোন রাজনৈতিক দল করেন, তা বিবেচনার বিষয় নয়। শিক্ষাপ্রতিষ্ঠান সবার জন্য সমান। তাই শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, একজন শিক্ষক কখনো অবসর নেন না। স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও সমাজের প্রতি তাদের দায়িত্ব শেষ হয় না। একজন শিক্ষক মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাজের কাছে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হিসেবে সম্মানিত থাকেন। তাই নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে।
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, নিজের সন্তানকে যেভাবে যত্ন করা হয়, শিক্ষার্থীদেরও সেভাবে দেখতে হবে। অনেক শিক্ষার্থী অভাব-অনটনের মধ্যে পড়াশোনা করে। তাদের প্রয়োজন ও সমস্যাগুলো বুঝে পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, আমরা যদি নিজের সন্তানকে যেভাবে দেখি, অন্যের সন্তানকেও সেভাবে দেখি, তাহলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের স্বপ্ন দেখতে হবে, অন্যদের স্বপ্ন দেখাতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপুর-কলমাকান্দার সন্তানদের ভবিষ্যতে দেশের সর্বোচ্চ পর্যায়ে দেখতে চান তিনি। এখানকার কোনো সন্তান একদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবে—এমন স্বপ্নও তিনি দেখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী।
বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক মোজাম্মেল হক ও আশরাফুল উলুম।
এ সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ শহীদুল্লাহ খান, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গণিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় ও জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের পাঠদান ও সমাজ গঠনে অবদান রাখার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
Tags:
শিক্ষাপ্রতিষ্ঠানের
পরিচালনা
কমিটিতে
রাজনৈতিক
প্রভাব
নয়
শিক্ষকদের
নিজকল্পায় নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে হাঁস-মুরগি বিতরণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের নিজকল্পা এলাকায়...
আগস্ট ২৪, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নেত্রকোনার দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হ...
আগস্ট ২৪, ২০২৬

