টাঙ্গাইলে জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২২ জন গ্রেফতার টাঙ্গাইল জেলাজুড়ে অপরাধ দমন মাদকবিরোধী অভিযান এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশের মিডিয়া সেল জানায় সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে মাঠ পর্যায়ে জোরদার অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা মাদকসংক্রান্ত অপরাধ অন্যান্য অপরাধ এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।মাদকবিরোধী অভিযানে ৪৬ পিস ইয়াবা ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
স্কুলছাত্রী সামিয়া হত্যা টাঙ্গাইলে এক নৃশংসতার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক রায় ভূঞাপুরে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রী সামিয়া আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় আসামি সাব্বির হোসেনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই দৃষ্টান্তমূলক রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত সামিয়ার পরিবার ও রাষ্ট্রপক্ষ।যেভাবে ঘটেছিল সেই নৃশংসতামামলার বিবরণী থেকে জানা যায়ঘটনার দিন বিকেলে ভূঞাপুর উপজেলার নিকলা দড়িপাড়া গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্রী সামিয়া আক্তার। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে গভীর রাতে নিকলা নয়াপাড়া এলাকার একটি ফসলি জমি থেকে সামিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।তদন্তে উঠে আসে সামিয়াকে একা পেয়ে একই গ্রামের ওলান মিয়ার ছেলে সাব্বির হোসেন প্রথমে তাকে পাশবিক নির্যাতন বা ধর্ষণ করে। পরবর্তীতে নিজের পরিচয় ও অপরাধ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সে সামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ জমিতে ফেলে পালিয়ে যায়।আইনি তৎপরতা ও আসামির স্বীকারোক্তিহত্যাকাণ্ডের পর নিহত সামিয়ার বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাব্বির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এবং পরবর্তীতে আদালতে হাজির করা হলে সাব্বির বিচারকের সামনে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।দ্রুত বিচার ও আদালতের রায়মামলার সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা এবং আইনি তথ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি সাব্বির হোসেনকে ধর্ষণের পর হত্যার অপরাধে মৃত্যুদণ্ড এবং একই সাথে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।আইনজীবীদের প্রতিক্রিয়া ও জনআকাঙ্ক্ষারায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান এই রায় সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার এভাবেই দ্রুততার সাথে হওয়া উচিত।অন্যদিকে নিহত সামিয়ার পরিবার আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাও এই দৃষ্টান্তমূলক রায়কে স্বাগত জানিয়ে বলেছেন প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার যদি এমন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতো তবে সমাজে নারীদের নিরাপত্তা আরও জোরদার হতো।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেড়িপটল গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী।স্থানীয়রা জানান, সড়কটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের শেষ প্রান্তের কাবারিয়াবাড়ী-সুতারবাড়ী মোড় হয়ে বেঙ্গুলা বাজারে গিয়ে শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করেন। বেড়িপটল গ্রামটি কৃষিনির্ভর হওয়ায় এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস কৃষি ও সবজি চাষ। ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কৃষিপণ্য পরিবহনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।গ্রামবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই সড়কের অধিকাংশ অংশ কাদায় পরিণত হয়। কাদার কারণে কোনো ধরনের যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এমনকি কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে কাঁচা ও কর্দমাক্ত রাস্তা পার করে পরে যানবাহনে তুলতে হয়। এতে জরুরি রোগী পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের।এদিকে বেড়িপটল গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সমস্যা হচ্ছে বলে জানান স্থানীয়রা।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন দুরবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী এসে রাস্তা সংস্কারের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষ হলে তাদের আর দেখা যায় না—এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর।তাদের দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি রোগী পরিবহনের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করা হবে—এটাই এখন তাদের প্রত্যাশা।
টাঙ্গাইলের অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার মূল অভিযুক্ত গ্রেপ্তার টাঙ্গাইলের বাসাইল উপজেলার অপহৃত এক স্কুলছাত্রীকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪। এ সময় অপহরণ মামলার প্রধান অভিযুক্ত সাব্বির চৌধুরী (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। র্যাব জানায় উদ্ধার হওয়া কিশোরী (১৪) বাসাইল উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার হওয়া সাব্বির চৌধুরী দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। বিষয়টি ভিকটিমের পরিবার অভিযুক্তের স্বজনদের জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একপর্যায়ে অভিযুক্ত প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি সিএনজিযোগে তাকে অপহরণ করে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ৮ জুলাই বাসাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অপহৃত কিশোরীকে উদ্ধারে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র্যাব।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের একটি দল। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং মামলার প্রধান অভিযুক্ত সাব্বির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় উদ্ধার হওয়া কিশোরীকে নিরাপদ হেফাজতে এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।র্যাব আরও জানায় নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস-২০২৬ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহিদ দিবস-২০২৬' পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুঞ্জুরুল মোর্শেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. কাজী লিয়াকত, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈরভ কুমার দে, গোপালপুর পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক চান মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিনসহ জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে নানা আয়োজনে এদিবস পালিত হয়। এ উপলক্ষে, আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ শাদাত এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন অল্প সময়ের মধ্যেই বৈষম্য, অন্যায়, দমন-পীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে একটি সর্বজনীন গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দেশের নানা স্থানে সংঘর্ষ ও সহিংস ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। তাঁদের আত্মত্যাগ জাতিকে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার নতুন প্রত্যয়ে উজ্জীবিত করেছে। সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়। বক্তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মদান কেবল একটি আন্দোলনের স্মৃতি নয়; এটি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক। তাঁদের ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য, ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন টাঙ্গাইলের নাগরপুরে বৈশাখী টেলিভিশন ও আমার দেশ পত্রিকার নাগরপুর প্রতিনিধি মো.জসিউর রহমান লুকনের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন সাংবাদিক লুকনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তোলা ভুক্তভোগীরা।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন সাংবাদিক পরিচয় ব্যবহার করে মো. জসিউর রহমান লুকন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি এবং হয়রানি করেছেন। এ সময় তারবিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগতদন্তকরেপ্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।বক্তারা বলেন সাংবাদিকতার মতো মহান পেশার পরিচয় ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন তাহলে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।মানববন্ধন থেকে মো. জসিউর রহমান লুকনকে দ্রুত দায়িত্ব থেকে অপসারণ অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রমাণিত হলে আইনানুগ শাস্তির দাবি জানানো হয়।তবে এসব অভিযোগের বিষয়ে মো. জসিউর রহমান লুকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জামালপুরের সরিষাবাড়ীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক সিএনজি চালককে ১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (১০ আগস্ট) সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে জামালপুর শহর পর্যন্ত সিএনজিতে যাতায়াতের নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা করে আদায়ের অভিযোগ ওঠে। এ ঘটনায় এক পরীক্ষার্থী বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ফোন করে অভিযোগ জানান।অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়।পরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট সিএনজি চালকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তাৎক্ষণিক এ ধরনের অভিযানে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। স্থানীয় যাত্রীরা জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষ অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে সমস্যায় পড়ছেন।এদিকে, সংশ্লিষ্টরা বলছেন, কোনো পরিবহন চালক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় যাত্রীদের দাবি, শুধু জরিমানা নয়, নিয়মিত তদারকির মাধ্যমে সিএনজি ও অন্যান্য গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর করা হলে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমবে।
টাঙ্গাইলে হত্যা-দস্যুতা-চাঁদাবাজিসহ ১১ মামলার আসামি শান্ত র্যাবের হাতে আটক টাঙ্গাইল ৩০ জুলাই টাঙ্গাইল জেলার অপরাধ জগতের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত হত্যা দস্যুতা চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১১ মামলার আসামি মো. আরিফুর রহমান শান্ত (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল।র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শান্ত টাঙ্গাইল জেলার বাসিন্দা।র্যাবের তথ্যমতে গত ১২ নভেম্বর ২০২৫ রাত পৌনে ১২টার দিকে শান্তর নির্দেশনা ও প্রত্যক্ষ মদদে তার সহযোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। তারা মহাসড়কে গাছের গুঁড়ি, লাকড়ি ও যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।এ ঘটনায় কালিহাতী থানায় ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং The Explosive Substances Act, 1908-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই শান্ত গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।র্যাব আরও জানায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।