সুন্দরগঞ্জে জমি বিরোধে হত্যা: ৩ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিন সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার বিকেলে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোল্ল্যা সাইফুল আলম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি গ্রামের মৃত ইব্রাহীম ব্যাপারির তিন ছেলে হালিম (৩৯), হামিদ (৩৭) ও মাহাবুব (৩৫)। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ জানুয়ারি সকালে আসামিরা একটি বিবাদমান জমির সীমানা (আইল) কাটতে যান। এতে বাধা দেন তাদের ওয়ারিশ শাহাদাৎ হোসেন ও তার স্বজনরা। এ সময় ক্ষিপ্ত হয়ে আসামিরা কোদাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে শাহাদাৎ হোসেন, সাজেদা বেগম, সামছুল হক ও আবেদা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে শাহাদাৎ হোসেনের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজন আতাউর রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) সুব্রত জানান, দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্য-প্রমাণ শুনানি শেষে বিচারক এই রায় দেন। রায়ে তিন ভাইয়ের সাজা ঘোষণা করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহাদাৎ হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তিন সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আ...
**নিজস্ব প্রতিবেদক:** গাজীপুরের শ্রীপুরে সরকারি বন ও খাসজমি দখল করে গাছ কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সা...

