খুলনায় দলিল লেখককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের সামনে কুন্ডু চন্দ্র বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন এলাকায় পঙ্কজ রায় (৫৮) নামে এক দলিল লেখককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত পঙ্কজ রায় শলুয়া এলাকার মৃত পুলিন কুমার রায়ের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক।
আহতের ভাইপো সোহাগ জানান, শুক্রবার রাতে পঙ্কজ রায় শলুয়া বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার দুই পা ভেঙে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পঙ্কজ রায়কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। কী কারণে পঙ্কজ রায়ের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং হামলার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে আহতের পরিবার। এদিকে ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
পুলিশের তদন্তে হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
মো: আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনায় রাজু বিশ্বাস (২৬) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় ক...
মো. আল-মাহফুজ শাওন, খুলনা:খুলনা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অ...

