কেন্দুয়ায় বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক্প্রতিবন্ধী ৩০ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত তোফাজ্জল হোসেন (২০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই নারীর চাচার বাড়ির পেছনে টিন দিয়ে ঘেরা গোসলখানায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় কয়েকজন মাতব্বর বিষয়টি সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই বাক্প্রতিবন্ধী নারী গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী আলম মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন কৌশলে গোসলখানার ভেতরে ঢুকে পড়েন বলে অভিযোগ।
প্রায় আধাঘণ্টা পর তোফাজ্জল গোসলখানা থেকে বের হয়ে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ভেতরে গিয়ে ওই নারীকে কান্নারত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের দেখে তিনি হাতের ইশারায় তোফাজ্জল তার সঙ্গে জঘন্য আচরণ করেছে বলে বোঝানোর চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত তোফাজ্জল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। বরং বৃহস্পতিবার রাতেই স্থানীয় কয়েকজন মাতব্বর সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে ঘটনাটি এলাকায় জানাজানি হলে শনিবার বিষয়টি কেন্দুয়া থানা পুলিশের নজরে আসে। পুলিশ দ্রুত দামিনা গ্রামে গিয়ে সরেজমিনে প্রাথমিক তদন্ত করে। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য নিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে ওই রাতেই থানায় নিয়ে যায়।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আগে কেউ পুলিশকে অবগত করেনি। খবর পাওয়ার পর পুলিশ নিজ উদ্যোগে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ভাইয়ের স্ত্রী (ভাবি) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ওসি আরও জানান, অভিযুক্ত তোফাজ্জল হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।
Tags:
কেন্দুয়ায়
বাক্প্রতিবন্ধী
নারীকে
ধর্ষণের
অভিযোগ
অভিযুক্ত
পলাতক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের দামিনা (রামপুর) গ্রামে এক বাক্প্রতিবন্ধী ৩০ বছর বয়সী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামল...
আগস্ট ৩০, ২০২৬
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সঙ্গে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগো...
আগস্ট ২৯, ২০২৬

