সরিষাবাড়ীতে বাবার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ মাসের কারাদণ্ড।
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনাটি সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার চরপাড়া গ্রামে ঘটেছে। গ্রেপ্তার বাবু মিয়া ওই গ্রামের মো. খোকা মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের পর তিনি প্রায়ই পরিবারের সদস্য ও এলাকার লোকজনের সঙ্গে অশালীন আচরণ, গালাগালি এবং মারামারিতে জড়িয়ে পড়তেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানান, বাবু মিয়াকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনোভাবেই তাকে মাদক সেবন থেকে বিরত রাখা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তার বাবা মো. খোকা মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার প্রেক্ষিতে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বাবু মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিছিল। আদালত বাবু মিয়াকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রেখে এলাকার প্রতিটি মহল্লা থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের অনেকে বলেন, সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘটনায় বাবা মো. খোকা মিয়ার সাহসী ভূমিকা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। মাদকের ভয়াবহতা থেকে সন্তান ও সমাজকে রক্ষা করতে একজন বাবার এমন পদক্ষেপ অন্য অভিভাবকদের জন্যও দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন তারা।
স্থানীয়দের দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সচেতন নাগরিকদেরও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
Tags:
সরিষাবাড়ীতে
বাবার
অভিযোগে
ছেলে
গ্রেপ্তার
ভ্রাম্যমাণ
আদালতে
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বাবার অভিযোগের ভিত্তিতে বাবু মিয়া (৪০) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ...
আগস্ট ২৪, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দু...
আগস্ট ২৩, ২০২৬

