কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় কায়সার কামাল: ‘কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই।
‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রোববার (২৩ আগস্ট) সকালে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি/সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং ৯ম ও ৮ম শ্রেণি/সমমানের জুনিয়র বৃত্তিপাঠ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরিশিরির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততা প্রয়োজন। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, প্রশাসনের কর্মকর্তা এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব তৈরি হতে পারে।
তিনি বলেন, আমি গতানুগতিক ধারার এমপি হিসেবে আপনাদের কাছে পরিচিত হতে চাই না। আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই, আপনারা যেন গর্ব করে বলতে পারেন—আমাদের এলাকার একজন এমপি মানুষের জন্য কাজ করেছেন।
ডেপুটি স্পিকার বলেন, এলাকার উন্নয়ন শুধু অট্টালিকা বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, শিষ্টাচার, সততা ও নৈতিক মূল্যবোধ শেখাতে হবে। একজন মানুষ পেশাগত জীবনে যত বড়ই হোক, মানবিক গুণাবলি ছাড়া তার সাফল্য পূর্ণতা পায় না।
লিও টলস্টয়ের ‘How Much Land Does a Man Need?’ গল্পের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের লোভ ও প্রয়োজনের পার্থক্য বোঝার আহ্বান জানান তিনি। তাঁর মতে, জীবনে সাফল্যের পাশাপাশি সততা ধরে রাখা জরুরি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ-সম্পদ কখনো প্রকৃত সাফল্যের পরিচয় হতে পারে না।
তিনি বলেন, দেশপ্রেম থাকলে মানুষ দুর্নীতি করতে পারে না। আমরা যদি নিজের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হই, তাহলে দেশের প্রতিও আমাদের দায়িত্বশীল হতে হবে।
মাদক প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমি শুধু বিএনপির এমপি হিসেবে থাকতে চাই না, আমি আপনাদের সবার এমপি হিসেবে কাজ করতে চাই। কে কোন দল বা মতের, সেটা আমি বিবেচনা করি না; এলাকার মানুষের জন্য ভালো কাজ করাই আমার লক্ষ্য।
দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
আগামী পাঁচ বছরে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণের প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, সবকিছু হয়তো করা সম্ভব হবে না, তবে এলাকার মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। নিজের বিবেকের কাছে জবাবদিহি করেই ভবিষ্যতে জনগণের কাছে যাবেন বলেও জানান তিনি।
এ সময় অনুষ্ঠানে ৭৬ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তব্যের শেষ দিকে ধর্ম, জাতিগোষ্ঠী বা রাজনৈতিক পরিচয়ের বিভাজনের ঊর্ধ্বে উঠে সবার অধিকার নিশ্চিত করে একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান ব্যারিস্টার কায়সার কামাল। “সবার আগে বাংলাদেশ”—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
Tags:
কৃতী
শিক্ষার্থীদের
সংবর্ধনায়
কায়সার
কামাল:
কাজের
মাধ্যমে
নিজেকে
‘গতানুগতিক ধারার এমপি হিসেবে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চাই’—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সং...
আগস্ট ২৩, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলিকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সেখানে তাঁকে অভ্য...
আগস্ট ২৩, ২০২৬

