দরজা বন্ধের শব্দে বিরক্ত হয়ে মুয়াজ্জিনকে চড়, বিএনপি নেতা বহিষ্কৃত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের দরজা বন্ধের শব্দে বিরক্ত হয়ে মুয়াজ্জিনের গালে চড় মারেন স্থানীয় বিএনপি নেতা ও মসজিদ কমিটির সদস্য জয়নাল চৌধুরী। ঘটনাটি ঘটেছে সোমবার জোহরের নামাজের পর শ্রীমঙ্গল উপজেলা জামে মসজিদে।
স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা বন্ধ করছিলেন। এ সময় দরজার শব্দে ক্ষিপ্ত হয়ে জয়নাল চৌধুরী তার গালে চড় মারেন ও ধমক দেন।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোমবার এশার নামাজের পর সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন।
পরবর্তীতে মঙ্গলবার সকাল ১১টায় মসজিদ কমিটির এক জরুরি বৈঠকে অভিযুক্ত জয়নাল চৌধুরীকে মসজিদ কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি নেতা মোহাম্মদ মহসিন মিয়া মধু, উপদেষ্টা মোহাম্মদ ইয়াকুব আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামীসহ অন্যরা।
জেলা বিএনপি নেতা মহসিন মিয়া মধু জানান, “আমি শুরু থেকেই জয়নালকে মসজিদ কমিটিতে রাখার বিরোধিতা করেছিলাম। কিন্তু ইউএনও বলেন, সে বিএনপির লোক, উপর থেকে চাপ আছে। তাই কমিটিতে রাখা হয়।”
মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস নিজামী বলেন, “একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এই ভুলের কারণে শ্রীমঙ্গলের মুসল্লিদের মনে আঘাত লেগেছে। তবে জয়নাল চৌধুরী সকলের সামনে তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন।”
এদিকে অভিযুক্ত বিএনপি নেতা জয়নাল চৌধুরী জানান, “খাদিমদারের সঙ্গে যে ঘটনা ঘটেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ঘটনাটি ঘটার পর আমারও খারাপ লেগেছে। মুয়াজ্জিনও আমাকে ক্ষমা করে দিয়েছেন।”
ময়মনসিংহের ১০ পৌরসভায় একযোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নাগরিক দায়িত্ববোধ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয়ে যেখানে আমি সেখ...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা...

