মোহনগঞ্জে খালের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাইলোড়া এলাকায় শিয়ালজানি খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত পাথর দে মাইলোড়া এলাকার বাসিন্দা প্রদীপ দে’র ছেলে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রতিদিনের মতো নিজ বাসার সামনে শিয়ালজানি খালের পাড়ে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে খেলতে বের হয় পাথর। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজ করেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা রাতেই মোহনগঞ্জ থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পাশাপাশি পাথরের সন্ধানে স্থানীয় এলাকায় মাইকিংও করা হয়।
এরপর শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে শিয়ালজানি খালের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে পাথরের মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা প্রদীপ দে শোকাহত কণ্ঠে বলেন, “প্রতিদিনই বাসার পাশে খালের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলত পাথর। বৃহস্পতিবার বিকেলেও সেভাবেই খেলছিল। আমি তখন ব্যবসার কাজে বাজারে ছিলাম, আর ওর মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। ধারণা করছি, খেলার কোনো এক ফাঁকে সবার অজান্তে সে খালের পানিতে পড়ে যায়। পরে সকালে বাসা থেকে কিছুটা দূরে ছেলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।”
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের লিখিত আবেদনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tags:
মোহনগঞ্জে
খালের
পানিতে
ডুবে
বছরের
শিশুর
মর্মান্তিক
মৃত্যু
টাঙ্গাইল জেলা পরিষদের ঠিক সামনেই অবস্থিত মনোরম লেকের পাড়। প্রতিদিন অনেক মানুষ এখানে একটু প্রশান্তির খোঁজে আসেন। তবে দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণা...
সেপ্টেম্বর ৪, ২০২৬
‘‘দুর্নীতির বিরুদ্ধে-রুখে দাঁড়াও একসাথে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্...
সেপ্টেম্বর ৪, ২০২৬

