সারা দেশ

ডিসি গোল্ডকাপে দুর্গাপুরের শুভসূচনা, মোহনগঞ্জকে হারাল ১-০ গোলে

আল আমিন হাওলাদার
আল আমিন হাওলাদার জেলা প্রতিনিধি,নেত্রকোনা
সেপ্টেম্বর ৪, ২০২৬
ডিসি গোল্ডকাপে দুর্গাপুরের শুভসূচনা, মোহনগঞ্জকে হারাল ১-০ গোলে
ডিসি গোল্ডকাপে দুর্গাপুরের শুভসূচনা, মোহনগঞ্জকে হারাল ১-০ গোলে
উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ আর হাজারো দর্শকের করতালিতে মুখরিত নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ। দীর্ঘদিন পর বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট ঘিরে প্রাণ ফিরে পেয়েছে জেলার ক্রীড়াঙ্গন। এরই মধ্যে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জমকালো উদ্বোধনের পর অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মোহনগঞ্জ উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে দুর্গাপুর উপজেলা দল। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়েত উল্লাহ রুমিন। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বিগত দিনে ক্রীড়াঙ্গনে দলীয়করণের সমালোচনা করেন। তিনি বলেন, ফুটবল সারা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় খেলা। বাংলাদেশে শিশুরা হাঁটা শেখার পর থেকেই ফুটবলের সঙ্গে পরিচিত হয়। কিন্তু বিগত সরকারের সময় ক্রীড়াঙ্গনে দলীয়করণের কারণে দেশের ফুটবলের ঐতিহ্য ও সম্ভাবনা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিপথগামী ও মাদকাসক্ত যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। আগামী দিনে প্রতিটি স্কুলে ক্রমান্বয়ে স্পোর্টস শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে ভবিষ্যতে এটিকে পেশা হিসেবেও বেছে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনতে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা পর্ব শেষে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপরই মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হয় দুর্গাপুর উপজেলা ও মোহনগঞ্জ উপজেলা দল। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনায় টগবগ করতে থাকে পুরো মাঠ। একের পর এক আক্রমণ হলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে মাঠে নামে আরও আক্রমণাত্মক দুর্গাপুর উপজেলা দল। চমৎকার বোঝাপড়া, দ্রুত পাসিং ও ধারাবাহিক আক্রমণের একপর্যায়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। দুর্গাপুরের ১৪ নম্বর জার্সিধারী স্ট্রাইকার আকিকুল ইসলাম দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন। তার দর্শনীয় গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দুর্গাপুর। গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মোহনগঞ্জ। শেষ মুহূর্ত পর্যন্ত একের পর এক আক্রমণ চালালেও দুর্গাপুরের দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দুর্গাপুর উপজেলা দল। আর আকিকুল ইসলামের সেই একমাত্র গোলেই জয় দিয়ে ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর যাত্রা শুরু করল দুর্গাপুর। দীর্ঘদিন পর মোক্তারপাড়া মাঠে এমন বড় পরিসরের ফুটবল আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও করতালিতে পুরো মাঠ পরিণত হয়েছিল এক উৎসবের মিলনমেলায়।
Tags: ডিসি গোল্ডকাপে দুর্গাপুরের শুভসূচনা মোহনগঞ্জকে হারাল ১-০

সারা দেশ

টাঙ্গাইল জেলা পরিষদের সামনের লেকের পাড় অবহেলিত ও ঝুঁকিপূর্ণ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা। টাঙ্গাইল জেলা পরিষদের সামনের লেকের পাড় অবহেলিত ও ঝুঁকিপূর্ণ: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা।

টাঙ্গাইল জেলা পরিষদের ঠিক সামনেই অবস্থিত মনোরম লেকের পাড়। প্রতিদিন অনেক মানুষ এখানে একটু প্রশান্তির খোঁজে আসেন। তবে দীর্ঘদিন ধরে সঠিক রক্ষণা...

সেপ্টেম্বর ৪, ২০২৬
দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

‘‘দুর্নীতির বিরুদ্ধে-রুখে দাঁড়াও একসাথে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্...

সেপ্টেম্বর ৪, ২০২৬

0 মন্তব্য