ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী দল বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে না; বরং ইসলামকে সম্মান করে এবং তার আদর্শকে ধারণ করে রাজনীতি করে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের গড়াশিন এলাকায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরই ঘোষণা দিয়েছেন—বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে। আল্লাহ সুযোগ দিলে শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন তিনি। এ ক্ষেত্রে সকল ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথাও বলেছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, বিএনপি হানাহানি, বিভেদ ও সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ঐক্য ও স্থিতিশীলতার মধ্য দিয়েই পরিচালিত হয়েছে। একই ধারাবাহিকতায় তারেক রহমানও ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিয়েছেন।
টাঙ্গাইল-৫ আসনের এই প্রার্থী বলেন, জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে টাঙ্গাইলকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলব—ইনশাআল্লাহ। তিনি বলেন, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা এবং দোয়া সবচেয়ে বেশি প্রয়োজন।
তিনি আরও দৃঢ়ভাবে বলেন, আমি নিজে কখনো কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না। জনগণের জানমাল রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করাই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।
ওয়াজ মাহফিলে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, কলেজ শাখার সাবেক ছাত্রদল সভাপতি জাদিদুল হক জাদিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লিবারেল ডেমোক্রে...
আগস্ট ৯, ২০২৬
নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ইসি ভোটকেন্দ্র...
জুলাই ১৫, ২০২৬

