সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজায় টাঙ্গাইলে মানুষের ঢল
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে টাঙ্গাইলসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ এক কাতারে দাঁড়িয়ে এই গুণী রাষ্ট্রনায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তার অবদান আজও স্মরণীয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নেতা। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী ও আদর্শবান। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও পরীক্ষিত রাষ্ট্রনায়ককে হারাল বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
জানাজায় অংশ নিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, আহমেদ আজম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা জানাজায় শরিক হন।
এর আগে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমকে টাঙ্গাইলের সন্তোষে নিজ বাড়ির আঙিনায়, তাঁর প্রয়াত স্ত্রীর কবরের পাশে রাষ্ট্রীয় ও পারিবারিক মর্যাদায় দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

