রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না, পর্যাপ্ত মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, সরকারের কার্যকর পদক্ষেপের ফলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিম্নআয়ের মানুষের প্রোটিন চাহিদা পূরণে রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল থাকবে বলে তিনি আশা করেন।
রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাড়তি চাহিদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোথাও কোনো ঘাটতি নেই। সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
এছাড়া টাঙ্গাইল জেলায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং নিরাপদ সমাজ গড়তে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একযোগে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যাল...
আগস্ট ১৬, ২০২৬
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী নেতৃ...
আগস্ট ৫, ২০২৬

